ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে ফলাফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।
তিনি আরও জানান, মানুষ যাতে তাদের ভোটের ফল দ্রুত পায়, সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে।’
বিএনপি চেয়ারম্যান উল্লেখ করেন, গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে জনগণের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।’











