দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়েকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাজস্থানের উদয়পুর-এ অবস্থিত বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ আগামী ২৬ ফেব্রুয়ারি বসছে তাদের বিয়ের আসর। আর তার আগে শুরু হয়ে গেছে জমজমাট প্রি-ওয়েডিং উদযাপন।
এই বিশেষ মুহূর্তের নানা ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকা জুটি। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা গেছে আনন্দঘন আয়োজনের একাধিক দৃশ্য।
বিজয়ের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে প্রি-ওয়েডিং উৎসবের সূচনা হয় এক প্রাণবন্ত পুল পার্টির মাধ্যমে। রোদঝলমলে পরিবেশে পুলের ধারে হাসি-আড্ডা ও খেলায় মেতে ওঠেন সবাই। বিজয়কে বন্ধুদের সঙ্গে পুল ভলিবল খেলতে দেখা গেছে। এক ছবিতে ভলিবল নেটের পেছনে খেলোয়াড়দের সিলুয়েট পুরো আয়োজনের হালকা ও বন্ধুত্বপূর্ণ আবহ ফুটিয়ে তোলে। পুলের পাশে ভাসমান পানীয় স্টেশন ও প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে তৈরি হয়েছিল আরামদায়ক পরিবেশ।
অন্যদিকে রাশমিকা শেয়ার করেছেন ক্যান্ডেল লাইট ডিনারের একটি মনোরম ছবি। সোনালি আলোয় সাজানো টেবিলের মাঝখানে ছিল গোলাপি লিলি ও সবুজ হাইড্রেঞ্জিয়া ফুলের সজ্জা। পরিবেশিত হয়েছে বিশেষ জাপানি খাবার। প্রতিটি প্লেটের নিচে রাখা সবুজ ন্যাপকিনে সূচিকর্ম করা ছিল ‘বিরোশ’ নাম—যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
খবর অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি মেহেন্দি, ২৫ ফেব্রুয়ারি হলুদ ও সংগীত এবং ২৬ ফেব্রুয়ারি বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিয়ের পর হায়দরাবাদে আয়োজন করা হবে জমকালো রিসেপশন।











