দীর্ঘ বিরতির নীরবতা ভেঙে শক্ত বার্তা দিয়েই বড় পর্দায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পাওয়া তার অভিনীত ‘মারদানি থ্রি’ মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দর্শকের অপেক্ষা আর সমালোচকদের কৌতূহল—সবকিছুকে ছাপিয়ে মাত্র দুই দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি মুক্তির প্রথম দিন আয় করে ৪ কোটি রুপি। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে প্রায় ৫০ শতাংশ হয়। সিনেমা বিষয়ক ট্র্যাকিং সাইট ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ‘মারদানি থ্রি’ সংগ্রহ করেছে ৬ কোটি রুপি।
এই সাফল্যের মাধ্যমে রানি মুখার্জির ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির ওপেনিং রেকর্ডও ছাড়িয়ে গেছে তৃতীয় সিনেমাটি। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ আয় করেছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সেই তুলনায় ‘মারদানি থ্রি’ ব্যবসায়িকভাবে আরও শক্ত অবস্থানে রয়েছে।
বড় বাজেটের সিনেমা ও প্রতিযোগিতামূলক মুক্তির ভিড়েও ‘মারদানি থ্রি’ বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে। সানি দেওলের সুপারহিট ‘বর্ডার টু’ যেখানে মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে, সেখানে সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলারটি প্রমাণ করছে—শক্ত গল্প ও দৃঢ় অভিনয়ই শেষ পর্যন্ত দর্শককে হলে টানে।
যুদ্ধ, বিস্ফোরণ আর বিশাল বাজেটের দাপটের মাঝেও ‘মারদানি থ্রি’ আলাদা করে নজর কাড়ছে। রানি মুখার্জির এই প্রত্যাবর্তন যে দীর্ঘ দৌড়ের ঘোড়া, তা বক্স অফিসের শুরুতেই স্পষ্ট হয়ে উঠেছে।











