অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুর বিভাগে নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
রংপুর র্যাবের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি ডিজিটাল মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে একাধিক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, কেউ যেন নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করতে না পারে—সে বিষয়ে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।
ভোটারদের উদ্দেশে মেজর সাইফুল ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সব সময় মাঠে কাজ করছে। জনগণের ভোটাধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এতে অংশ নেন।











