ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই নিরাপদ থাকবে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, অন্য রাজনৈতিক দলের মানুষসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চরফ্যাশন উপজেলার টিবি স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে চান। সে লক্ষ্যেই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি ভোলা থেকে বরিশাল এবং মুজিবনগর থেকে পটুয়াখালী পর্যন্ত সেতু নির্মাণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
নয়নের ভাষ্য অনুযায়ী, ইমাম ও খতিবসহ সমাজের সম্মানিত ব্যক্তিদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সম্মানী ভাতা দেওয়া হবে। তিনি বলেন, আমি আপনাদের সন্তান। শুধু কথা নয়, বাস্তবেই কাজ করে দেখাব। তা না পারলে আপনাদের কাছে ভোট চাইতাম না।
সমাবেশে উপস্থিত ভোটাররা বলেন, নুরুল ইসলাম নয়ন একজন ভদ্র ও সৎ মানুষ। ছোটবেলা থেকেই তিনি অন্যায় করেননি এবং অন্যায়কে প্রশ্রয়ও দেননি। তাই এবার তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করা হবে।
উপজেলা বিএনপির সহসভাপতি কয়ছর আহম্মেদ কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।











