নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান শুরু হয় এবং তা এখনও চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের শঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে বিভিন্ন সময় চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় রোহিঙ্গাদের আটক করে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।











