অবশেষে বাগদানের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী অভিনেত্রী ও সাবেক ‘বন্ডকন্যা’ হ্যালি বেরি। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ছয় বছরের প্রেমিক, গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তুতির কথা নিজেই প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় টক শো ‘দ্য টুনাইট শো স্টার্টিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে এই সুখবর দেন হ্যালি। তিনি জানান, “অনেকে মনে করে, ভ্যান হান্ট আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবং আমি ‘না’ বলেছিলাম। কিন্তু আমি কখনোই তাকে ‘না’ বলিনি। আমরা এখনো বিয়ের তারিখ ঠিক করিনি। তবে নিশ্চিত—আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি।
বাগদানের আংটিও আলোচনায় এসেছে। হ্যালি বলেন, ‘ধন্যবাদ, ও আমাকে আংটি পরিয়েছে।’ আংটির নকশায় আধুনিকতার চেয়ে ক্লাসিক রুচিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
হ্যালি ও ভ্যান হান্টের পরিচয় ২০২০ সালে করোনাকালীন সময়ে। দীর্ঘদিন টেক্সট বার্তালাপের পর তাঁরা প্রথম সরাসরি দেখা করেন এবং সেই বছরের সেপ্টেম্বরেই সম্পর্ক প্রকাশ্যে আনা হয়।
হ্যালি বেরির অতীত সম্পর্কের ইতিহাস বিবেচনায় তাঁর সতর্কতা স্বাভাবিক মনে করা হয়। এর আগে তিনি তিনবার বিয়ে করেছেন। ভ্যান হান্টও আগেও বিবাহিত ছিলেন এবং পূর্ববর্তী সম্পর্ক থেকে তাঁর একটি সন্তান রয়েছে।
ভ্যান হান্ট ৫৫ বছর বয়সী একজন গায়ক, গীতিকার ও মাল্টি–ইন্সট্রুমেন্টালিস্ট। ২০০৭ সালে ‘ফ্যামিলি অ্যাফেয়ার’ গান পরিবেশন করে গ্র্যামি জিতেছেন। এখন পর্যন্ত প্রকাশিত অ্যালবাম আটটি এবং দুটি ইপি রয়েছে।











