ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ফিরে আসা ভোটারদের মতে, এখন পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
এদিকে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কাবিলার সঙ্গে দেখা হয়ে যায় ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর।
ভোটকেন্দ্রে কাবিলাকে দেখে নাসীরুদ্দীন পাটোয়ারী আনন্দিত হয়ে নিজেই এগিয়ে যান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুজনকেই হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা যায়।
আলাপচারিতার একপর্যায়ে পাটোয়ারী কাবিলার কাছে ভোটের আবেদন জানান। কাবিলাও আনন্দের সঙ্গে সম্মতি প্রকাশ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় শেষে দুজনই নিজ নিজ পথে চলে যান।
উল্লেখ্য, কাবিলার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। তিনি চলচ্চিত্রে কৌতুক ও খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। কণ্ঠের সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় কম দেখা যাচ্ছে। ২০০৩ সালে ‘অন্ধকার’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।











