বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলেছে। এখন কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনে গড়ে ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)।
আসনভিত্তিক ভোটের হারে শীর্ষে রয়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন, যেখানে ৭৩ দশমিক ৪৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। অন্যান্য আসনের ভোটের হার:
-
বগুড়া-১: ৬১ দশমিক ৮৬ শতাংশ
-
বগুড়া-২: ৬৮ দশমিক ৫৫ শতাংশ
-
বগুড়া-৩: ৭০ দশমিক ৫১ শতাংশ
-
বগুড়া-৫: ৭০ দশমিক ৩২ শতাংশ
-
বগুড়া-৬ (সদর): ৭১ দশমিক ১৫ শতাংশ
-
বগুড়া-৭: ৬৭ দশমিক ৮৯ শতাংশ
পোস্টাল ব্যালটেও ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। সাতটি আসনে গড়ে ৭৮ দশমিক ৬৯ শতাংশ ভোটার পোস্টাল ব্যালট জমা দিয়েছেন। সর্বোচ্চ ভোট পড়েছে বগুড়া-৫ আসনে, ৮৩ দশমিক ২৪ শতাংশ।
বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উজ্জ্বল। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। নারী ও নতুন ভোটারদের সরব উপস্থিতি নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর করেছে।
ফল ঘোষণার প্রস্তুতি চলছে এবং রাতেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফল প্রকাশ হতে পারে।











