নির্বাচনের আগে বিএনপির ঘোষণাপত্র অনুযায়ী সরকার গঠন হবে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যেই তা বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশাবাদ প্রকাশ করেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি আগেই বলেছিলাম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। কারণ বিএনপি ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তারও পূর্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী সংগ্রাম করেছে। গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে, এবং নির্বাচনে জনগণের ভালোবাসা তারই প্রতিফলন।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি কখনোই জনপ্রিয়তা হারায়নি, কারণ বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, তাদের অধিকার আদায় করেছে। এটি বিএনপির বড় শক্তি। বিএনপি কোনো ক্যাডার বেল্ট রাজনৈতিক দল নয়, শান্তিপ্রিয় মানুষের দল। বিএনপির ভিশন ও জনগণের প্রতি অঙ্গীকারই সাধারণ মানুষ গ্রহণ করেছে, তাই এই বিজয় সম্ভব হয়েছে।”
মহাসচিব বলেন, “দীর্ঘ ১৫ বছরের শাসনের পর যখন গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এ দেশে জামায়াতে ইসলামী উত্থান পেয়েছে আওয়ামী লীগের দমন-নিপীড়নের কারণে। সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে।”
সরকার গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করেছে তাদের সঙ্গে বিএনপি নির্বাচন করেছে এবং তাদেরকেই সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। বিএনপি যে ৩১ দফা জনসম্মুখে রেখেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।











