জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। সমসাময়িক নানা ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতির কথাও তিনি খোলামেলা ভাষায় প্রকাশ করে থাকেন। এবার নির্বাচনী প্রচারণার একটি ভিডিও দেখে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য তার প্রয়াত বাবার কথা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, সাম্প্রতিক সময়ে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের ভিডিওগুলো দেখে তার বাবার শান্ত ও ধৈর্যশীল স্বভাবের কথা মনে পড়েছে। তার ভাষায়, ‘গত কিছুদিন নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।’
স্ট্যাটাসে ফারিয়া রসিকতার ছলে নিজের পারিবারিক স্মৃতিও তুলে ধরেন। তিনি জানান, তার বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা স্বভাবের মানুষ, আর মা ছিলেন সম্পূর্ণ বিপরীত। দাদির কড়া শাসনে বড় হওয়া তার বাবার জীবন কেটেছে মা, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্য দিয়েই। বিষয়টি উল্লেখ করে তিনি মজার ভঙ্গিতে লেখেন, তার বাবার ‘জান্নাত প্রায় কনফার্ম’।
তবে নিজের এই পোস্টকে কোনোভাবেই রাজনৈতিক বা ধর্মীয় ব্যাখ্যায় না নেওয়ার অনুরোধও জানান শবনম ফারিয়া। তিনি স্পষ্ট করে লেখেন, এটি সম্পূর্ণ হাস্যরসের ছলে দেওয়া একটি পোস্ট এবং এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনো গভীর সম্পর্ক নেই। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, বিষয়টি নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর সংবাদ না করতে।
সব অনুরোধের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার এই স্ট্যাটাস দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আলোচনার জন্ম দেয়।











