অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তার ঘটনায় অভিযুক্ত যুবক তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বনগাঁ থানার পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিমি চক্রবর্তীর করা অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটে গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে তনয় শাস্ত্রী হঠাৎ মঞ্চে উঠে মিমির গানের মাঝে বাধা দেন এবং তাকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। এতে প্রকাশ্যে অপমান ও হেনস্তার শিকার হন অভিনেত্রী।
এ ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, তনয় শাস্ত্রী ওই ক্লাবেরই একজন কর্মকর্তা।
ঘটনা প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, ‘যে দোষ করে, তার শাস্তি হওয়াই উচিত। দীর্ঘদিন ধরে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাকে হেনস্তা করা হয়েছে। চুপ থাকারও তো একটা সীমা থাকে।’
অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২০১০ সালের আগ থেকেই ক্যারিয়ার শুরু করেছি। ইন্ডাস্ট্রিতে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কখনো পাঁচ মিনিটও দেরি করেছি। বরং সব জায়গায় সময়ের আগেই পৌঁছাই।’
মিমি আরও বলেন, একজন নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা আড়াল করতে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, এই ঘটনা এখানেই শেষ নয়। তিনি এর শেষ দেখে ছাড়বেন।
রবিবার বনগাঁর নয়াগ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে রাত পৌনে ১২টার দিকে মঞ্চে ওঠেন মিমি চক্রবর্তী। সেখানেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।











