গজদাঁতের সেই চেনা হাসি আর রামধনু ওড়নায় ঢাকা সাদা সালোয়ার কামিজ—পর্দা ও বাস্তবের ‘বৌদি’ স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও আলোচনায়। তবে এবার বিতর্ক নয়, বরং ২৫ বছরের অভিনয় জীবন এবং আসন্ন ছবি ‘প্রমোটার বৌদি’ নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন টালিউড কুইন।
পরিচালক শৌর্য দেবের ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে এক অন্য মেজাজে—ধুলো উড়িয়ে বাইক নিয়ে এন্ট্রি, অ্যাকশন এবং ভোজপুরি গানের তালে নাচ। স্বস্তিকার মতে, “একই কাজ ২৫ বছর করলে লোকে কেন দেখবে? তাই চ্যালেঞ্জ নিয়েছি। মেয়েরা সাধারণত প্রমোটিং করে না, আমি পর্দায় সেই অসাধ্য সাধন করেছি।”
ক্যারিয়ারের শুরুতে ‘পুতুল’ সৌন্দর্যের জন্য জনপ্রিয় হলেও আজ সেই ইমেজ ধরে রাখতে নারাজ তিনি। বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন ও অভিনয়ের পরিপক্কতা সহজভাবে গ্রহণ করেছেন। স্বস্তিকা বলেন, “গত ২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি করার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি আগের মতো থাকলে কি চলত? সময়ের সাথে নিজেকে না বদলালে আমি ২৫ বছর টিকে থাকতে পারতাম না।”
রাজনীতিতে নাম লেখানোর প্রস্তাব থাকা সত্ত্বেও স্বস্তিকা সেই পথে যেতে নারাজ। তিনি স্পষ্ট জানালেন, “রাজনীতি বুঝি না, তাই ওসব আমার দ্বারা হবে না।” এছাড়া, লন্ডনে থাকা মেয়ে অন্বেষার প্রেম-জীবনেও খুব পাত্তা দেন না তিনি।
ছোটপর্দায় শুরু করা ক্যারিয়ারের সঙ্গে আপাতত ফেরার কোনো পরিকল্পনা নেই। তবে ‘টেক্কা’-র পর দেবের সঙ্গে আবার কাজ করার এবং জিতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।











