ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।
কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা জেমসকে ঘিরে ধরেন। ভোটার ও দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছবি তোলেন। তিনি সকলের আবদার হাসিমুখে পূরণ করেন।
ভোট দিয়ে জেমস বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নিয়ে যায়। সামনে যারা আসবে, এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।”
তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন। জেমস বলেন, “সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।” শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।











