মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, প্রত্যেক মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার আইনগত অধিকার নিশ্চিত করাই কাস্তে মার্কার প্রার্থীদের মূল অঙ্গীকার।
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা–৮ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী ত্রিদ্বীপ সাহার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকার জনগণের কথা শুনছে না। ভয়ের রাজত্ব, মব সন্ত্রাস এবং প্রশাসনিক অনিয়ম বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তির দাপট ও সাম্প্রদায়িকতার অপব্যবহার বন্ধে দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় গণভোট নিয়ে সরকারের উদ্যোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয়। এসব বিষয়ে জারি করা অধ্যাদেশের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, অনেক রাজনৈতিক দল ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত থাকলেও বামপন্থীরা ব্যবস্থা বদলের সংগ্রামে মাঠে রয়েছে।
সিপিবির প্রার্থী ত্রিদ্বীপ সাহা বলেন, এমপির নামে জমিদারিত্ব কায়েমের জন্য তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা ও জনস্বার্থে আইন প্রণয়নই তাদের লক্ষ্য।











