রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণে টিসিবি পণ্যের জন্য শত শত মানুষ ভিড় জমায়। দীর্ঘ অপেক্ষার পরও ট্রাক না আসায় খালি হাতে ফিরে যান তারা।
সূত্র জানায়, সকাল ১১টার দিকে একটি টিসিবি ট্রাক এসে মাত্র ৪০০ জনকে পণ্য বিতরণ করে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর আর কোনো ট্রাক আসে না। অনেকের আশা ছিল, হয়তো আরও একটি ট্রাক আসবে, সেই আশায় ভিড় জমিয়ে ছিলেন স্থানীয় মানুষরা।
পৌরসভার সাউদপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, যে পরিমাণ পণ্য দেওয়া হয়, তা চাহিদার তুলনায় কম। তিনি নবনির্বাচিত এমপি ড. রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন, বাজার তদারকি জোরদার করার পাশাপাশি পুনরায় পণ্য সরবরাহ করা জরুরি।
সীমা আক্তার নামের একজন ফেসবুকে লিখেছেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক টিসিবি পণ্যের পরিমাণ বৃদ্ধি করা উচিত এবং স্বল্প আয়ের মানুষের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
পৌরসভার টিসিবি কর্মকর্তা বলেন, সরকারের দেওয়া পণ্য নিয়মানুযায়ী বিতরণ করা হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় পণ্য কম হওয়ায় অনেকেই পণ্য না পেয়ে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি কার্যক্রম আরও বিস্তৃত ও পরিকল্পিত করা উচিত, যাতে তাদের কষ্ট লাঘব হয়।











