দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) তিনি জেলার তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রামে, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিকবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে তিনটি সভাস্থলেই মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থলগুলো।
সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণের ডিকবাজি মাঠে বিশাল ধানী জমির ওপর নির্মিত প্রধান মঞ্চের কাজ শেষের দিকে। একইভাবে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও সভার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। পুরো জেলা জুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা।
দলীয় সূত্র জানায়, রবিবার সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি বড় জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় যোগ দেবেন।
২৪ বছর পর কুমিল্লায় তারেক রহমান—তিন জনসভা ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ











