তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপলে সঙ্গে সঙ্গে টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে যায়।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য সরাসরি আর্থিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কৃষি খাতে ডিজিটাল পদ্ধতিতে ভর্তুকি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ ও গাছের চারা তুলে দেন। কার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে স্টেডিয়ামে পৌঁছালে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানান তিনি। পরে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সরকার ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ ও খালখনন কর্মসূচি চালুর পর এবার ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের মাধ্যমে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই কর্মসূচির আওতায় কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে এবং ভবিষ্যতে ভর্তুকি, ঋণ সুবিধা ও কৃষি সহায়তা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।











