রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সালমান (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকের রংধনু বিল্ডার্সের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, নিহত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম ছাড়া অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।











