Breaking News
দৈনিক জনপথ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার

জনপথ ডেস্ক3,277
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার

জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট—দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কারণ, দুটো নির্বাচন দুই দিনে আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। এ ছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিবেচনায় নিতে চায় সরকার।

এভাবে রাজনৈতিক দলগুলোর দাবিদাওয়ার মধ্যে কিছুটা সমন্বয় করে সরকার একটা সমাধান বের করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে প্রধান দুটি দল নিজ নিজ দাবি থেকে কিছুটা ছাড় দেবে বলে আশা করা হচ্ছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। ১৫ নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। কয়েকজন উপদেষ্টা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা সরকারের মনোভাব এবং বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে।

গণভোট প্রশ্নে বিএনপি, জামায়াতসহ তাদের সমমনা দলগুলোর অবস্থান ঠিক বিপরীত। জামায়াতের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। আর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে চায়। সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে। এ বিষয়ে জামায়াত ছাড় দেবে বলে আশা করছে সরকার। অন্যদিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি এসেছে জুলাই সনদে। বিএনপির এতে আপত্তি আছে। বিএনপি এ বিষয়ে ছাড় দেবে বলে সরকারের আশা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন উপদেষ্টা পরিষদের এমন একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সব দল, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলের দাবি একটু একটু সমন্বয় করে সরকার সমাধানের উদ্যোগ নিচ্ছে। সরকার নিজের মতো করেই এই সিদ্ধান্ত নিচ্ছে।

বিএনপি ও জামায়াতের বাইরে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোটের জন্য গুরুত্বপূর্ণ ভাবছে সরকার। দলটি জুলাই সনদে এখনো সই করেনি। তবে সরকারের সূত্রগুলো বলছে, গণভোটের সময় নিয়ে এনসিপি অনেকটাই নমনীয়। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও তারা মেনে নেবে। আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ক্ষেত্রেও তাদের আপত্তি নেই। তবে এনসিপির দাবি, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। সরকার মনে করছে, এনসিপির এই দাবি মানা সাংবিধানিকভাবে সম্ভব নয়। এ বিষয়টি তাদের বোঝানো হয়েছে। এর মধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে এনসিপি ‘শাপলা কলি’ মেনে নিয়েছে। তারা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সিদ্ধান্তের আর বিরোধিতা করবে না বলেই ধারণা সরকারের।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদের প্রেক্ষাপটে ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। সভা থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। এ জন্য সাত দিন সময় দেওয়া হয় রাজনৈতিক দলগুলোকে। নতুবা সরকার নিজে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায়।

সরকারের বেঁধে দেওয়া সময় আজ সোমবার শেষ হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোনো বৈঠক বা আলোচনার আয়োজন করতে পারেনি। ফলে এখন সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের কাঁধেই এসেছে।

অবশ্য সব রাজনৈতিক দল সরকারের সিদ্ধান্ত মানার মতো অবস্থায় আছে কি না, সেই শঙ্কা এখনো আছে। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে। তিনি আবারও বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এর মধ্যে সব বিষয়ে দলগুলোর মত-ভিন্নমত রয়েছে। এখান থেকে কেন পরে বিচ্যুতি ঘটল? সমস্যাটা সৃষ্টি করেছে ঐকমত্য কমিশন ও সরকার। এখন সমাধান করার দায়িত্ব তাদেরই। তিনি মনে করেন, জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবে বাস্তবায়ন হলে কারও খুশি বা বেজার হওয়ার বিষয় থাকবে না।

ভিন্ন ভিন্ন দিনে সাধারণ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে বাস্তব কতগুলো সমস্যা খুঁজে পেয়েছে সরকার। সরকারি সূত্রগুলো বলছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর মতো সরকারেরও একটি অগ্রাধিকারের বিষয়। ফলে সংস্কার বাস্তবায়ন ঝুঁকিতে পড়ুক যেমন সরকার চায় না, তেমনি এটি জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলুক, সেটাও কাম্য নয়।

সরকারি সূত্রের ভাষ্য, যেকোনো নির্বাচনে ভোটার টানার ক্ষেত্রে দলীয় এবং নির্দলীয় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা মুখ্য ভূমিকা পালন করেন। গণভোটে কোনো দলীয় বা নির্দলীয় প্রার্থীর সরাসরি সম্পৃক্ততা নেই। ফলে গণভোটের জন্য ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবে কে? এ ছাড়া বিএনপিসহ অনেকগুলো দলের মতের বিরুদ্ধে সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে দলটির নেতা-কর্মীরা মানুষকে সম্পৃক্ত করার ব্যাপারে আগ্রহ দেখাবেন না। এমনকি কোথাও কোথাও নেতিবাচক প্রচারণাও হতে পারে। ইতিমধ্যে আগাম গণভোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার রয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। তবে দলটির ভোটাররা তো রয়েছেন। এ পরিস্থিতিতে তাঁরা যদি দলবদ্ধভাবে ‘না’ ভোট দেন, তাহলে সংস্কার বাস্তবায়নই ভেস্তে যাবে। এ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য আগামী মাসের শুরুতেই তফসিল ঘোষণা হতে পারে। অর্থাৎ তফসিল ঘোষণার আগে সময় আছে তিন সপ্তাহের কম। এই সময়ের মধ্যে গণভোটের প্রস্তুতি, মানুষকে গণভোটের কারণ ও প্রশ্নমালা বোঝানো অনেকটাই দুরূহ হবে।

এর বাইরে যেসব কর্মকর্তা–কর্মচারী গণভোটে দায়িত্ব পালন করবেন, তাঁদেরই কয়েক মাস পর জাতীয় নির্বাচনের জন্য নিয়োগ করতে হবে। কয়েক মাসের ব্যবধানে দুটি ভোট অনুষ্ঠানের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। গণভোটে কোনো বিতর্ক তৈরি হলে সেটি জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে। আর ভিন্ন ভিন্ন সময়ে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন করতে হলে বাড়তি দু–তিন হাজার কোটি টাকা খরচ হতে পারে। সেটাও বিবেচনায় নিতে হচ্ছে সরকারকে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ঐক্যমত কমিশনের সুপারিশ যেভাবে এসেছে, সেভাবেই বাস্তবায়ন করতে হবে। গণভোট আগে করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে তিনি বলেন, এটা অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা রাজপথে কর্মসূচি নিয়ে আছেন।

সরকারি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন বিষয়ে একটি আদেশ জারি করা হবে। এর অধীনে গণভোট নিয়ে আরেকটি অধ্যাদেশ জারি করতে হবে। কারণ, বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই। গণভোট নিয়ে ১৯৯১ সালের যে আইন রয়েছে, তা দিয়ে এবারের গণভোট আয়োজন করা যাবে না। কারণ, ১৯৯১ সালের আইনটি কিছু সুনির্দিষ্ট বিষয়ের ওপর গণভোট আয়োজনের জন্য করা হয়েছিল।

এবারের প্রস্তাবিত গণভোটের দুটি বিষয় রয়েছে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর তফসিলে থাকা ৪৮টি সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাব অনুমোদন করা।

আদেশ ও অধ্যাদেশ পরপর দুই দিনে হতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে। এরপর গণভোটের জন্য প্রশ্নপত্র তৈরি করে তা প্রকাশ করা হবে।

সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে—জুলাই সনদে এমনটাই বলা হয়েছে। অর্থাৎ, সংসদ নির্বাচনে দলগুলো যে ভোট পাবে, তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। জামায়াত ও তাদের সমমনা দলগুলোর চাওয়া এমনই। তবে বিএনপি চায় নিম্নকক্ষে যে দল যত আসন পাবে, সেই আসনের অনুপাতে উচ্চকক্ষেও আসন পাবে।

সরকারের একাধিক সূত্র বলছে, সরকারের ভেতরের একটা বড় অংশ মনে করছে, বিএনপির চাওয়ামতো উচ্চকক্ষ গঠিত হলে খুব একটা লাভ হবে না। কারণ, এটা অনেকটা সংসদের নারী আসন বণ্টনের মতোই হবে। আর সংসদ নির্বাচনের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে সংসদের ভারসাম্য রক্ষা হবে। ক্ষমতাসীন দলকে কিছুটা হলেও চাপে রাখা যাবে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যতটা সম্ভব সংসদকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। সরকারি দলকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া থেকেও নিবৃত্ত রাখা যাবে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উপদেষ্টা বলেন, বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে নিলে জামায়াতসহ অন্যরা একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন মেনে নেবে, এমন একটা ধারণা পাওয়া গেছে। এ বিষয়ে কয়েকজন উপদেষ্টা দলগুলোর সঙ্গে কথা বলছেন। তাঁর বিশ্বাস, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের পথে বাধা কিংবা ঝুঁকি তৈরি হয়, এমন অবস্থান কোনো দলই নেবে না।

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্য দলগুলোও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এখন জুলাই সনদ অনুসারে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়াই বাকি আছে। এ বিষয়ে সরকার আদেশ জারি করলে দলগুলো পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়বে—এমনটা মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। সরকারও এ বিষয়টি মাথায় নিয়ে এগোচ্ছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে