সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ১৫ মামলার পলাতক আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রবি জাল জালিয়াতি মামলার দুটি ধারায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। অভিযানে উপস্থিত ছিলেন এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারের সময় তিনি ইয়াবা সেবন করছিলেন।
তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পতিত স্বৈরাচারের সময় বিভিন্ন নিরীহ মানুষের জমি দখল ও অপকর্মে জড়িত ছিলেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।











