কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এই দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টা ৫৫ মিনিটে কেবিন স্টেশন মাস্টারের কাছ থেকে সিগন্যাল পেয়ে ঢাকা মেইল-২ সামনের দিকে অগ্রসর হয়। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইন থেকে পড়ে যায়। এতে ওই স্টেশনের আপ ও ডাউন—উভয় লাইনই বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার ফলে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং লাইন থেকে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।











