র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ র্যাব-০৭ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত র্যাব-৭ এর সদস্য নায়েক সুবেদার মো. মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন র্যাব ডিজি।
তিনি বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। আমরা যেকোনো মূল্যে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করব।”
র্যাব ডিজি আরও বলেন,
“র্যাবের প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। জঙ্গল সলিমপুরে অভিযানে থাকা সদস্যদের আত্মরক্ষায় গুলি করার অধিকার ছিল। কিন্তু সাধারণ মানুষের জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা সেই সিদ্ধান্ত নেননি।”
তিনি জানান, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।
“আমরা এই অভিযানের প্রতিটি দিক তদন্ত করে দেখব। কোথাও কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা হবে, যাতে ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সফল অভিযান পরিচালনা করা যায়।”
সন্ত্রাসীদের বিষয়ে র্যাব ডিজি বলেন,
“র্যাব সেখানে কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল। যারা হামলা চালিয়েছে, তাদের কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা শনাক্ত করেছি। তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”
নিহত র্যাব সদস্যকে শহীদ আখ্যা দিয়ে তিনি বলেন,
“নায়েক সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। একটি মামলা ইতোমধ্যে দায়ের হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয়টি নিবিড়ভাবে মনিটর করবে।”
শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন র্যাব ডিজি। তিনি বলেন,
“এই পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, সন্তানরা হারিয়েছে তাদের পিতাকে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না, তবে আমরা এই পরিবারটির দায়িত্ব গ্রহণ করেছি এবং সব সময় তাদের পাশে থাকব।”
জঙ্গল সলিমপুর প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এ কে এম শহিদুর রহমান বলেন,
“জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের নির্মূল করা হবে। এই অবৈধ আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে—এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।”
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র্যাব-৭ এর সদস্য নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন র্যাব সদস্য।
এই ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











