বলিউড ও টেলিভিশন অঙ্গনে সম্প্রতি জোর গুঞ্জন উঠেছিল, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। গুঞ্জন অনুযায়ী, পাত্র হিসেবে উঠে আসে তার দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা করণ ওয়াহির নাম। মুম্বাইয়ের টেলিপাড়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যেও শুরু হয় জল্পনা-কল্পনা।
জেনিফার উইঙ্গেট ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। তবে মাত্র দুই বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও, জেনিফার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন। কাজ, ক্যারিয়ার ও নিজের মতো করে জীবন গুছিয়ে নেওয়াতেই মনোযোগী ছিলেন তিনি। দীর্ঘ সময় ‘সিঙ্গেল’ থাকার কারণেই নতুন করে তার বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
এই গুঞ্জনের কেন্দ্রে ছিলেন করণ ওয়াহি—যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল যায়ে’-তে জেনিফারের সহ-অভিনেতা ছিলেন এবং বাস্তব জীবনেও তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। দুজনের বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়াকে ঘিরেই ভক্তরা ধরে নেন, বন্ধুত্ব হয়তো এবার নতুন সম্পর্কে রূপ নিতে চলেছে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন করণ ওয়াহি নিজেই। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বিয়ের গুঞ্জনকে সরাসরি কটাক্ষ করেন। তিনি লেখেন, “সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।” এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়, খবরটি তিনি মোটেও গুরুত্বের সঙ্গে নেননি।
এখানেই থামেননি করণ ওয়াহি। তিনি জেনিফারের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।” তার এই বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মেলে—জেনিফারের সঙ্গে তার সম্পর্ক প্রেম বা বিয়ের নয়, বরং গভীর ও দীর্ঘদিনের বন্ধুত্বের।
করণ ওয়াহির এই প্রকাশ্য প্রতিক্রিয়ার পর বিনোদন অঙ্গনে ছড়ানো বিয়ের গুঞ্জনে কার্যত পানি পড়ে গেছে। ভক্তদের অনেকেই বিষয়টিকে গুজব হিসেবেই মেনে নিচ্ছেন। সংশ্লিষ্ট মহলের মতে, জেনিফার উইঙ্গেট বর্তমানে নতুন কোনো সম্পর্কে নয়; বরং নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, অতীতে ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময় করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুর ঘনিষ্ঠতার কারণেই জেনিফার ও করণের সংসার ভেঙেছিল বলে গুঞ্জন ছিল। সেই তিক্ত অভিজ্ঞতার পর জেনিফার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত। নতুন করে বিয়ের খবর ছড়ালেও, করণ ওয়াহির স্পষ্ট বক্তব্যে এখন পরিষ্কার—এই খবর নিছকই গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই।











