জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে পুলিশ ছরওয়ার আলমকে আটক করে এবং তাকে ডিবি হেফাজতে নেয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ছরওয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, এই ঘটনায় ছরওয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। এ সংক্রান্ত তথ্য তিনি এক সংবাদ সম্মেলনে রাজধানীর মিন্টো রোডে বুধবার জানান।











