পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকল্পের বিভিন্ন সমস্যা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন। তিনি বলেন, প্রকল্পটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তবে শুধু মন্ত্রণালয় একা এ কাজ করতে পারবে না; জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
খনন কর্মসূচিকে একটি আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।











