‘বিগ বস–১৯’-এর বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা গৌরব খন্না। কাজের পাশাপাশি সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছিল, গৌরব ও তাঁর স্ত্রী আকাঙ্খা চামোলা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। মূলত আকাঙ্খার একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত।
বলিউড সংশ্লিষ্ট সূত্রের বরাতে নানা মহলে আলোচনা শুরু হয়—দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন কি এই তারকা দম্পতি? আকাঙ্খা কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, “শুধুমাত্র প্রয়োজনের জন্য গড়ে তোলা সম্পর্ক দিনের শেষে কষ্ট দেয়।” এই মন্তব্যের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন জাগে, তবে কি গৌরব-আকাঙ্খার সম্পর্কে ভাঙনের সুর?
তবে এসব গুঞ্জনে নিজেই মুখ খুলেছেন আকাঙ্খা চামোলা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, তাঁদের দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা নেই। তিনি বলেন, “আমাদের সংসারে কোনো ঝামেলা নেই। যে পোস্টটি নিয়ে এত কথা হচ্ছে, সেটির সঙ্গে গৌরবের কোনো সম্পর্ক নেই। আমি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয় প্রকাশ করার মানুষ নই।”
আকাঙ্খা আরও জানান, আলোচিত পোস্টটি আসলে তাঁর আসন্ন একটি সিরিজের প্রচারণার অংশ ছিল। অযথা গুজব ছড়ানোয় তিনি বিরক্ত বলেও ইঙ্গিত দেন।
সব মিলিয়ে আপাতত গৌরব-আকাঙ্খার সংসার ভাঙনের খবর যে শুধুই গুঞ্জন—তা স্পষ্ট করেছেন দুজনের একজন নিজেই।











