পেহেলগাম কাণ্ডে স্তব্ধ হয়ে গিয়েছিল ভারত। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৫ জন পর্যটক নিহত হন। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ফিরে আসে জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর মঞ্চে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ এই পর্বে উপস্থিত ছিলেন ওই হামলায় নিহত এক পর্যটকের স্ত্রী ঐশান্যা দ্বিবেদী। স্বামীর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তার চোখের পানি দেখে বিচারকরাও আবেগতাড়িত হন। নিহত পর্যটকের নাম ছিল শুভম।
অনুষ্ঠানে ঐশান্যা জানান, তাদের বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে। হামলার সময় পর্যটকদের মধ্যে প্রথম গুলি তার স্বামীকেই করা হয়েছিল। নিজের কপালে আঙুল দিয়ে তিনি দেখান, ঠিক কোথায় গুলি লেগেছিল।
এই পর্বে উপস্থিত ছিলেন কয়েকজন ভারতীয় সেনাসদস্যও। তাদের উদ্দেশে ঐশান্যা বলেন, ‘ভারতীয় সেনা, আপনারা ওই ২৬ জন বোনের হয়ে প্রতিশোধ নিয়েছেন। আমি সত্যিই গর্বিত।’
তার এই বক্তব্যে আবেগে ভেঙে পড়েন বিচারক শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ প্রশ্ন তুলেছেন, কেন শুধু একজন নিহত পর্যটকের স্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো—সব পরিবারের সদস্যদের যুক্ত করা যেত কি না। আবার কেউ কেউ ভারতীয় সেনার ‘প্রতিশোধ’ বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন—প্রকৃতপক্ষে হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে।











