গেল বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীন চৌধুরীর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তখন বলা হয়েছিল, বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে ছাড় দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন জানিয়েছেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, তাঁকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি, কোনো লাগেজও আটকানো হয়নি এবং লাগেজে অভিযোগে উল্লেখিত কোনো বস্তু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদও করেননি। মেহজাবীন প্রশ্ন তুলেছেন, এমন অভিযোগের কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ক্লিকবেইট সংবাদ তৈরি করা হয়েছে।
অভিনেত্রী জানান, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি মানহানিকর প্রচারের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। এর আগে রবিবারও তিনি মিথ্যা মামলায় হয়রানির বিষয়ে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন এবং টার্গেটিংয়ের বিরুদ্ধে সাফ বক্তব্য দিয়েছেন।











