রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’-এর গান ‘শরারত’ ইতোমধ্যেই পার্টি সং হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই গানে ক্রিস্টাল ডি’সুজার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেত্রী আয়েশা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গানের শুটিং চলাকালে তিনি ঋতুস্রাবে ছিলেন, যা তাঁর জন্য শারীরিক ও মানসিকভাবে ভীষণ কষ্টের ছিল।
‘শরারত’ গানের মাধ্যমে আয়েশা খান ডান্সিং কুইন হিসেবে দর্শকদের নজর কাড়েন। মাত্র ২৩ বছর বয়সেই এই সিনেমাই তাঁকে বড় পরিচিতি এনে দিয়েছে। কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির তৈরি হুক স্টেপ গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
তবে এই সাফল্যের পেছনে ছিল কঠিন বাস্তবতা। আয়েশা জানান, পার্টি সং-এর শুটিংয়ের সময় তিনি পিরিয়ডে ছিলেন। টানা দুই দিন অত্যন্ত ক্লান্তিকর শিডিউলে কাজ করতে হয়েছে। শরীর ফোলা, অস্বস্তি এবং ব্যথা নিয়েই তাঁকে নাচের দৃশ্যগুলো সম্পন্ন করতে হয়েছে।
সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিং সেটে কাজের চাপ এতটাই বেশি ছিল যে ঠিকভাবে বোঝার সময়ই পাওয়া যাচ্ছিল না কে কখন কোথায় আছে। একই সময় রণবীর সিং ও সারা অর্জুনের বিয়ের দৃশ্যও শুট করা হচ্ছিল, যা গানটির ব্যাকগ্রাউন্ডে দেখা যায়।
আয়েশা আরও জানান, অতিরিক্ত নাচের কারণে শরীরের হাড় পর্যন্ত ব্যথা করছিল। তার ওপর ঋতুস্রাবের প্রভাব আবেগকেও আরও তীব্র করে তুলেছিল। একপর্যায়ে তিনি খুশিতে কেঁদে ফেলেন। এই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসার পর কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন আয়েশা খান।











