ইসলামী পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে আটকের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর বিষয় আমরা জানতে পেরেছি। ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সব সময় বিশ্বাস করে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে।’
ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া সন্দেহজনক ভোটারের পরিচয় যাচাইয়ের জন্য নারীদের ছবি তোলার সময় মুখমণ্ডলের অংশ অনাবৃত রেখে এনআইডি-হজ-ওমরা অনুযায়ী যাচাই করার প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, ‘বিজয়ী হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের মানুষের। দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবিস্মরণীয় বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত।’











