সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা অবিলম্বে নদী দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিকসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও—জাগো বাহে জাগো’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে এসআর কেমিক্যাল ও মজুমদার কোম্পানির বর্জ্য ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। পাশাপাশি নদীপাড়ের মানুষের মধ্যে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জার্মান প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামীম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক দীপক কুমার করসহ অন্যান্য নেতৃবৃন্দ।











