লম্বা চুল, মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস আর হাতে বড় বন্দুক—মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর ১৭ সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশ হতেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের উন্মাদনা তৈরি করলেও সবার কৌতূহলের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—এই ছবিতে শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে কোন চরিত্রে দেখা যাবে?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রিন্স’ ছবিতে জ্যোতির্ময়ী কুণ্ডুকে নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। শাকিব ও জ্যোতির্ময়ীর রসায়ন ফুটিয়ে তুলতে টানা ১০ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে। সেখানে মূলত এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে।
‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় ধারণ করা হচ্ছে এসব দৃশ্য। শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে কিছু অ্যাকশন দৃশ্যেও জ্যোতির্ময়ীকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ী নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুই নায়িকাকে ঘিরে শাকিব খানের ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে।
শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিব নিজের স্টারডম কখনোই বুঝতে দেন না। কাজের সময় তিনি খুবই সহজ-সরল ও সহযোগিতাপরায়ণ।
বর্তমানে সিনেমাটির পুরো ইউনিট শ্রীলঙ্কায় অবস্থান করছে। আরও প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয় এবং নব্বই দশকের আবহ ও লোকেশন বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।











