ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আয় সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১.০৬ শতাংশ।
এছাড়া ৭৪১ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ ১ টাকা থেকে ২৫ লাখ টাকার মধ্যে, যা মোট প্রার্থীর ৩৬.৫৭ শতাংশ। ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন (৬.৫১%)। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেন ৭১ জন (৩.৫০%)। আর ১ কোটির বেশি আয় উল্লেখ করেছেন মাত্র ৯৫ জন প্রার্থী, যা মোট প্রার্থীর ৪.৫৯ শতাংশ।
তথ্য অসম্পূর্ণ বা গোপন রেখেছেন ১৫৫ জন প্রার্থী, যা মোটের ৭.৬৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, হলফনামার তথ্যের অসম্পূর্ণতা রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্নও তৈরি করছে।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১ কোটির বেশি আয় করা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ৫১ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এরপর ২৫ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫ জন জাতীয় পার্টির। নির্বাচনী ব্যয় ও হলফনামায় ঘোষিত আয়ের মধ্যে সামঞ্জস্য নেই এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে আয়, সম্পদ, দায়-দেনা ও মামলার তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়।











