উৎসবের উচ্ছ্বাস ও করতালির মাঝেই ঘটে গেল এক ভয়ংকর অভিজ্ঞতা। ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণে মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। আনন্দের মঞ্চ রূপ নেয় আতঙ্ক ও অস্বস্তির অভিজ্ঞতায়।
ঘটনার পর চুপ না থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেন মৌনী রায়। তিনি জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও তারা সংযত হননি।
পরে পারফরম্যান্স চলাকালে সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চের দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন।
এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকেও দায়ী করেন অভিনেত্রী। মৌনী জানান, পুরো বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন। তবে পেশাদারিত্বের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত পারফরম্যান্স সম্পন্ন করেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মৌনী রায় বলেন, “আমার মতো একজনের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?”
তিনি আরও বলেন, শিল্পীদের শিল্পের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত। এমন অভব্য ও অসম্মানজনক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা মৌনী রায়ের এই অভিযোগ ইতোমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। একই সঙ্গে নারী নিরাপত্তা ও সম্মানের বিষয়টি নতুন করে সামনে এসেছে।











