রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামির মধ্যে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক আব্দুস সালাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলায় গ্রেপ্তার ৩০ আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করে। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তীতে ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। বৈঠকে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।











