রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ ঝিগাতলার নতুন রাস্তার ৪১/২৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার আব্দুল হাকিমের ছেলে। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত শিক্ষার্থী মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং একটি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।











