ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম সড়কে স্লিপ দিয়ে টাকা তোলার ঘটনাকে স্পষ্ট চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যাতায়াত পথে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের নামে স্লিপ দিয়ে টাকা তোলা বন্ধ করতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে হামিম লেখেন, সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা তোলার এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেও কোথাও এ ধরনের চাঁদাবাজি চোখে পড়েনি। তবে সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের নির্ধারিত টোল আদায় ভিন্ন বিষয়।
তিনি আরও বলেন, সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে বলে তিনি আশা করেন।
হামিম তার পোস্টে আরও উল্লেখ করেন, ইতোমধ্যে তারেক রহমান ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও রাষ্ট্রীয় গাড়ির সংখ্যা কমিয়ে ব্যক্তিগত গাড়িসহ সীমিত বহরে চলাচল করছেন এবং ভিআইপি মুভমেন্ট কমানোর উদ্যোগ নিয়েছেন।
পোস্টের শেষে হামিম আশাবাদ ব্যক্ত করে লেখেন, পরিবর্তন আসবেই এবং ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ এই লক্ষ্য বাস্তবায়িত হবে।











