কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে উচ্চ আদালতেও নিজের প্রার্থিতা ফিরে পাননি তিনি।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।
শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। এ কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়।
এ বিষয়ে একই আসনের অপর প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন,
‘ব্যাংক লুট ও ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।’
তিনি আরও বলেন,
‘আইনবহির্ভূতভাবে যদি বিএনপির ঋণখেলাপিদের নির্বাচনে আনার চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগ কী দোষ করছে?’
এদিকে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।











