ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি।
সততা ও নীতির ক্ষেত্রে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা রাজশাহীবাসীর সম্মানের বিষয়। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
এ সময় তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।











