যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট, বাড়ি ও জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন আসামি গোলাপকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী শহিদুল ইসলাম জানান, ‘গত ১৯ মার্চ মামলাটি দায়ের হয়েছে, তবে এ পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।











