ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়ে চলছে ভোট গণনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এবারের নির্বাচনে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের।
প্রথমে রঙের ব্যালট আলাদা করা হবে এবং এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনসংশ্লিষ্ট সংঘর্ষের ফলে কোনো হতাহতের খবর ছাড়াই জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সারা দেশের বেশ কিছু কেন্দ্রে ছোট ছোট কয়েকটি সহিংসতার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৩৬,০৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২,৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, দেশের কোনো প্রান্তেই ভোট স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি।











