ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন মডেল ও অভিনেত্রী অনিন্দিতা মিমি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার পরশমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। মিমি ঢাকা-১৮ আসনের ভোটার।
প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘গার্লস স্কোয়াড’ খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছেন।
ভোট-পরবর্তী অনুভূতি জানিয়ে মিমি বলেন, “প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা গর্বের।”
নতুন সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “সংস্কৃতি অঙ্গনের উল্লেখযোগ্য উন্নয়ন চাই। আশা করছি, নতুন সরকার শিল্প ও সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দেবে।”
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।











