জামালপুরের বকশীগঞ্জে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ।
দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিললেও পতাকা উত্তোলন ও মোনাজাতের পর নেতা-কর্মীরা দ্রুত কার্যালয় প্রাঙ্গণ থেকে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় এবং এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।











