ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশস্থলে বিপুল জনসমাগম ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই ফেনী জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
বিকেল পর্যন্ত জনস্রোতের চাপে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। মিছিল, স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এমপি প্রার্থীদের বড় বড় বহর মাঠে প্রবেশ করলে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থলের আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে এক নজর দেখার আশায় তরুণ, যুবক, বৃদ্ধ—সব বয়সী ও সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ফেনী পাইলট স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।











