পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি স্পটে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে, যার মাধ্যমে অসহায়দের পুষ্টি ঘাটতি কমানো সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবার ১০ লাখ পরিবার এই সুযোগ পাবেন। উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো রমজান জুড়ে চলবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া, মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।











