ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে শোবিজ পাড়ায় একসময় কম জলঘোলা হয়নি। পর্দায় মাত্র একটি সিনেমায় (‘শাহেনশাহ’) জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো এবং বিভিন্ন ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের মনে সন্দেহের দানা বেঁধেছিল। অনেকেরই প্রশ্ন ছিল—শাকিবের সঙ্গে কি গোপনে প্রেমে মজেছিলেন ফারিয়া?
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে নুসরাত ফারিয়া এই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।”
‘শাহেনশাহ’ সিনেমার পর কেন আর এই জুটিকে বড় পর্দায় দেখা গেল না—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, “এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।”
পডকাস্টে ফারিয়া শুধু শাকিব প্রসঙ্গই নয়, নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং দুই দিনের কারাবন্দি জীবনের লোমহর্ষক অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।











