হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন তাহেরী ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে বলেও নোটিশে বলা হয়েছে। এ কারণে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে আরও জানানো হয়, ভবিষ্যতে আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করলে জরিমানা আরোপ কিংবা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।











