ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে ১২৪ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বিএনপির বিজয়ী প্রার্থী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
ইলেন ভুট্টো নির্বাচনে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেছিলেন। ঝালকাঠি অঞ্চলে তিনি ‘ইলেন ভুট্টো’ নামেই পরিচিত। প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো ছিলেন জাসদ ছাত্রলীগের সভাপতি। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি পরাজিত হলেও ২০০১ সালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমুকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ফল ঘোষণার পর ইলেন ভুট্টো সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ঝালকাঠি সদর ও নলছিটির মানুষের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বিএনপির নেতৃত্বের আস্থার প্রতিদান দিতে সক্ষম হওয়ায় সন্তুষ্ট। আগামী দিনে এলাকার উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে তিনি নির্ধারণ করেছেন।
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে দলের কিছু মনোনয়নবঞ্চিত নেতার বিরোধিতার কারণে বিভ্রান্তি ছিল, যা কাটিয়ে জয় নিশ্চিত হয়। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যাপক ও নারী নেত্রী শাহ সাজেদা বলেন, এই জয় বরিশাল অঞ্চলের রাজনীতিতে নারী উপস্থিতির বিরল চিহ্ন।











