সড়ক, রেলপথ ও নৌপথের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখলে কৃত্রিম সংকট তৈরি হবে, এ ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ পাওয়া গেছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ও নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











